বিদেশি নায়িকা চমকের সূচনা
বিনোদন রিপোর্ট
মাত্র চার ছবিতে ৩৪ কোটি টাকা বিনিয়োগ। চমকে দেয়ার মতোই তথ্য! চার বছরেরও কম সময়ে এই পরিমাণ টাকাই সিনেমায় পুঁজি খাটিয়েছেন নায়ক-প্রযোজক এমএ জলিল অনন্ত। যেখানে চলতি বছর চলচ্চিত্র শিল্পের পুরো বিনিয়োগ ৩৪ কোটি টাকা দাঁড়াবে কি-না এ নিয়ে সন্দিহান সবাই, সেখানে এ মাসেই আরও একটি নতুন ছবির কাজ শুরু করছেন অনন্ত। তার নিজের পরিচালনায় প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’র কাজও মাঝামাঝি পর্যায়ে। এই বিগ বাজেটের ছবিগুলোতে বিদেশি লোকেশন, প্রথম সারির পরিচালক, আধুনিক প্রযুক্তি ইত্যাদি বৈশিষ্ট্যের সঙ্গে দেখা যাচ্ছে বিদেশি নায়িকার চমক। যার সূচনা হলো এ সপ্তাহে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’ ছবির মুখ্য নায়িকা চরিত্রে মিস ইউনিভার্স মালয়েশিয়া পারভিনের অভিনয়ের মাধ্যমে। ‘দ্য স্পিড’-এ অনন্তের বিপরীতে পারভিনের অভিষেক দর্শকের কাছে চমক বলেই ঠেকবে—এমনটাই মনে করেন পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘পুত্রজায়া থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে পারভিনের অসংখ্য বিলবোর্ড চোখে পড়বে যে কোনো মালয়েশিয়া প্রবাসী কিংবা ভ্রমণপিয়াসী বাংলাদেশীর। দেশটিতে পারভিন খুবই জনপ্রিয় মুখ। তাকে বাংলা ছবিতে নেয়ার উদ্যোগটা অনন্তই নেন। আমার কাজ ছিল তাকে এদেশের দর্শকের কাছে গ্রহণযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা।’ ‘দ্য স্পিড’-এ একজন বাঙালি তরুণীর চরিত্রেই অভিনয় করেছেন পারভিন। নাচ, গান, অভিনয়ে একেবারেই বাঙালি হয়ে উঠেছেন বলে পরিচালক সোহানের মত। পারভিনকে না চিনলে কেউ ধরতেই পারবেন না তিনি বাঙালি নন। এমনই ভাবে চরিত্রের সঙ্গে মিশে গেছন পারভিন। এ ছবিতে আরও একজন ইতালিয়ান অভিনেত্রীও কাজ করেছেন। তার নাম নানা। তিনিও ভালো পারফর্ম করেছেন বলে জানান পরিচালক সোহান। অনন্ত প্রযোজিত আরেক ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালকে। এজন্য দর্শককে অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত। কাহিনীকার অনন্য মামুনের প্রথম ছবি ‘মোস্ট ওয়েলকামে’র একটি আইটেম সঙে পারফর্ম করেছেন স্নেহা উল্লাল। বলিউডের সংস্কৃতিবাহী এই আইটেম সঙের ঢালিউডে সফল প্রয়োগ বলা চলে স্নেহা উল্লালের আইটেম গানটি। এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘লাকি ছবির জন্য স্নেহা এখানে জনপ্রিয় হয়েছেন। তবে তিনি এখন তামিল-তেলগু ছবির ডাকসাইটে নায়িকা। তার অভিনীত ছবি সেখানে রীতিমত ব্লকবাস্টার ব্যবসা করে। এরকম ব্যস্ত ও চাহিদাসম্পন্ন নায়িকাকে নিয়ে কাজ করা সম্ভব হতো না অনন্ত ভাই সাহস না জোগালে। আসলে এরকম প্রযোজকই সব পরিচালক চান। যিনি ছবির প্রয়োজনে পরিচালকের প্রতিটি চাহিদা পূরণ করেন।’ অচিরেই অনন্য মামুন এই প্রযোজকের ব্যানার মনসুন ফিল্মস থেকে আরও একটি ছবির কাজ শুরু করছেন। এ ছবির নাম ‘দ্য স্পাই’। অনন্ত-বর্ষা জুটি, রাজ্জাক-সোহেল রানা ছাড়াও এখানে থাকবেন বলিউডের কোনো অভিনত্রীে। অনন্য মামুন বলেন, ‘দর্শক প্রতিটি নতুন ছবিতেই নতুন কোনো চমক চান। আর ভিনদেশি নায়িকার চেয়ে বড় চমক দর্শকদের জন্য আর কী হতে পারে!’ অনন্য মামুন জানান, বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলেই দর্শকদের জানাবেন।
0 comments:
Post a Comment