About

May 12, 2012

মাদারীপুরে আ.লীগের দু’গ্রুপসহ বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ ভাংচুর ও লুটপাট : পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতিকে মারধর

মাদারীপুরে আ.লীগের দু’গ্রুপসহ বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ ভাংচুর ও লুটপাট : পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতিকে মারধর


মাদারীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপসহ বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছে। এদিকে পটুয়াখালীতে গতকাল আওয়ামী লীগের আফম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ছাত্র লীগ সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। মাদরীপুরের মস্তফাপুরে গতকাল আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশের এসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছে। যশোরের মনিরামপুরে জমি নিয়ে বিরোধে গতকাল দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। নোয়াখালীর সেনবাগ
পৌর শহরে বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের কয়েকদফা সংষর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিরে পাঠানো খবর :
মাদারীপুরে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ : মাদরীপুরের মস্তফাপুরে গতকাল আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশের এসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী খোরশেদ সরদার এবং বিজয়ী প্রার্থী মঞ্জুর হোসেন মিন্টু শিকদারের পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল পরাজিত প্রার্থী খোরশেদ সরদারের ছেলে যুবলীগ নেতা শামসু সরদার এবং ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসেন মিন্টু শিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে পুলিশের এসআই শ্যামলসহ দু’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
মনিরামপুরে সংঘর্ষে আহত ১৫ : যশোরের মনিরামপুরে জমি নিয়ে বিরোধে গতকাল দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত শরীয়তুল্লাহ মোড়লের ছেলে আবদুস সালামের সঙ্গে বসতবাড়ির ১১ শতক জমি নিয়ে মৃত আবদুল গফুর মোড়লের ছেলে রফিকুল ইসলামের বিবাদ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।
পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতি আহত : পটুয়াখালীতে গতকাল প্রতিপক্ষ গ্রুপের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রেজা আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাকে আহত অবস্থায় স্থানীয় হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র জয় এবং আগামী ১৭ মে ঢাকায় ছাত্রলীগের মহাসমাবেশকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, হুইপ আ স ম ফিরোজ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
সেনবাগে সংঘর্ষে আহত ১০ : নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংষর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে পৌর শহরের মদিনা প্রাইভেট হাসপাতাল ও বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদীতে সংঘর্ষে আহত ১০ : বরিশালের গৌরনদীর শরিকল গ্রামে বিরোধপূর্ণ জমিতে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে তিন মহিলাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবিতে দুর্বৃত্তদের হামলায় দু’ছাত্রলীগ নেতা আহত : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা পারভেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং রুবেল হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র।
মহম্মদপুরে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়েছে : মাগুরা মহম্মদপুরের দীঘা ইউনিয়নের চিত্তবিশ্রাম গ্রামে বৃহস্পতিবার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কওছার মোল্যা নামের এক দরিদ্রের দুইটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে কওছার মোল্যার বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী সেনাবাহিনীতে চাকরিরত শহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক শহিদুল ইসলাম এলাকায় র্যাব সদস্য এনে ভীতি সৃষ্টি করে। র্যাবের উপস্থিতিতেই কওছার মোল্যার পাট ক্ষেতের ভেতর দিয়ে রাস্তা তৈরির কাজ করে। এ কাজে বাধা দেয়ায় শহিদুল ইসলামের লোকজন দরিদ্র কওছার মোল্যার দু’টি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
সোনাতলায় স্বামী ও স্ত্রীকে মারধর : বগুড়া সোনাতলায় গত ২৭ এপ্রিল হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী সালজার রহমান ও তার স্ত্রী তহমিনা বেগমকে মারধর করে। এতে গত ১৫ দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে তাদের দিন কাটছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল এলাকার গড়ফতেপুর দক্ষিণপাড়া গ্রামের জালাল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল রেস্তোরাঁয় হামলা : ব্রাহ্মণবাড়িয়া জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা অভিযোগ করেছে, মহান মে দিবসে সরকারি কর্মসূচি পালন না করে কিছু শ্রমিক শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় হামলা ও ভাংচুর চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তার হোটেল রেস্তারাঁগুলোর ব্যাপক ক্ষতিসাধন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করে। প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এস এম সাদেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম উপস্থিত ছিলেন।

0 comments:

Popular Posts